আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে ঢাকায় বড় আকারের বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
\r\nশনিবার (২৬ এপ্রিল) রাজধানীতে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব আখতার হোসেন। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
\r\nদলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনকে আরও গতিশীল করতে সভায় একটি ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাউন্সিল দলীয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তার বাস্তবায়নে কাজ করবে ‘নির্বাহী কাউন্সিল’।
\r\nএছাড়া, গঠনতন্ত্র প্রণয়নের লক্ষ্যে পাঁচ বা ততোধিক সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের সিদ্ধান্তও সভায় নেওয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যে এই কমিটিকে এনসিপির খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
\r\nবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে দলগতভাবে বিচার ও নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ২ মে এনসিপি ঢাকা মহানগর কমিটির উদ্যোগে রাজধানীতে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে।
\r\nউল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল এনসিপির টানা ৯ ঘণ্টাব্যাপী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কয়েক দিনের ব্যবধানে আরেকটি সভার আয়োজন সম্পর্কে জানতে চাইলে বৈঠকে অংশ নেওয়া এক নেতা নাম প্রকাশ না করে জানান, \"সেদিন সবার মতামত শোনা সম্ভব হয়নি, সব এজেন্ডাও শেষ করা যায়নি। তাই আজকের এই বৈঠক।\"





