প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন দেখাবে আইনের শাসন কীভাবে কার্যকর হয়। তিনি বলেন, প্রিজাইডিং অফিসারদের সব ধরনের ক্ষমতা দেয়া হবে, তবে তা যথাযথভাবে ব্যবহার করা না হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, “আপনার ক্ষমতা থাকা যেমন গুরুত্বপূর্ণ, ক্ষমতা ব্যবহার করাটাও সমান গুরুত্বপূর্ণ। আমরা চাই, প্রত্যেকে তার দায়িত্বে আইনের শাসন প্রমাণ করুক। ইলেকশন কমিশন আপনার পাশে, আপনাকে সম্পূর্ণ সমর্থন দেবে।”
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, প্রিজাইডিং অফিসারদের ভোট কেন্দ্রের সর্বময় ক্ষমতা থাকবে। যদি কোনো কেন্দ্রে গোলমাল হয়, তারা সেই কেন্দ্র বন্ধ করতে পারবেন। প্রয়োজন হলে পুরো আসনের ভোট বন্ধ করার ক্ষমতাও থাকবে।
তিনি বলেন, “আপনার কর্মকাণ্ডে যদি দেখা যায় আপনি কোনো বিশেষ দল বা ব্যক্তির পক্ষে কাজ করছেন, তাহলে আপনার আইনগত ও নৈতিক শক্তি ক্ষুণ্ণ হবে। নির্বাচনের সময় সকল কর্মকাণ্ড স্বচ্ছ ও ন্যায্য হতে হবে।”
সিইসি সকল ভোট গ্রহণকারী কর্মকর্তাকে সতর্ক করেছেন, তারা যেন আইনের সীমার মধ্যে থেকে দায়িত্ব পালন করেন এবং ভোটারদের পূর্ণ অধিকার নিশ্চিত করেন।





