বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকার রাষ্ট্রপতির ছবি থাকবে কি না, সেই বিষয় নিয়ে ব্যস্ত সময় পার করছে। অথচ এই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দিকেই সরকারের মনোযোগী হওয়া উচিত ছিল।

বুধবার (২০ আগস্ট) দৈনিক ইত্তেফাক আয়োজিত ‘অন্য মঞ্চে’ অনলাইন আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল।

রুমিন বলেন, “গত এক বছরে সরকারের দায়িত্ব ছিল জনগণকে ঐক্যবদ্ধ করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা। কিন্তু সরকার এসব বড় কাজ এড়িয়ে ছোট ছোট বিষয়ে মনোযোগ দিয়েছে।”

তিনি প্রশ্ন তোলেন, “রাষ্ট্রপতির পোর্ট্রেট সরানো হলো কেন, তা কেউ জানে না। যদি ‘নো পোর্ট্রেট’ নীতি নেওয়া হয়, তাহলে প্রজ্ঞাপন জারি করে তা জনসমক্ষে জানানো উচিত।”

নির্বাচন প্রসঙ্গে রুমিন বলেন, “নির্বাচনের রোডম্যাপ এখনো পরিষ্কার নয়। এক বছর পার হয়ে গেলেও জনগণ কোনো নিশ্চয়তা পাচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, সেটি নিয়েও যথেষ্ট সন্দেহ আছে।”

তিনি আরও বলেন, “মানুষ ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। অথচ নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের মাঝে যে উৎসাহ-উদ্দীপনা থাকার কথা, সেটি এখন অনুপস্থিত। মানুষ এখন আতঙ্কের মধ্যে আছে এবং দ্রুত একটি রাজনৈতিক সরকার দেখতে চায়।”

রুমিনের ভাষ্য, “যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো—এটা জনগণ এখন ভালোভাবেই বুঝতে পেরেছে।”