কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহচর আব্দুল বারেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা থেকে কুমিল্লা আসার পথে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল বারেক, ওরফে ‘পিস্তল বারেক’ (৫৫), কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সাতঘড়িয়া (সমেশপুর) গ্রামের মোহাম্মদ আলীর বড় ছেলে। রাতেই তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, মানবপাচার, হত্যা এবং নাশকতার একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় চেকপোস্টে তল্লাশি চালানোর সময় অস্ত্রসহ বারেককে গ্রেপ্তার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ওসি এম. আব্দুল হালিম বলেন, বারেক দীর্ঘদিন ঢাকার মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকায় আত্মগোপনে ছিলেন। এই সময়ে তিনি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও মানবপাচারের পরিকল্পনা করছিলেন। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অস্ত্র, হত্যা ও মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ঘনিষ্ঠ পরিচিত।





