আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল রবিবার (১২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছেন।


প্রতিনিধিদলে ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, মো. আবু তালেব সোহাগ, আশরাফুজ্জামান হানিফ, অধ্যক্ষ আলাউদ্দিন, তোফায়েল সরকার, শান্ত ইসলাম, প্রকৌশলী আবুল বাশার, আজিজুর রহমান আজম, এবং যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালী, হাবিবুল্লাহ রাজু ও মো. মিজানুর রহমান।


এর আগে সকাল সাড়ে ১০টায় শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেন। তারা বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া প্রদানের দাবি সহ তিন দফা দাবি জানিয়েছেন। সারা দেশ থেকে হাজারো শিক্ষক-কর্মচারী অংশ নেওয়ায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ হয়ে যায়।


গত ৩০ সেপ্টেম্বর অর্থ বিভাগ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত দিয়েছিল। তবে শিক্ষকেরা এটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন এবং মূল বেতনের ন্যূনতম ২০ শতাংশ হারে (প্রায় তিন হাজার টাকা) বাড়িভাড়া প্রদানের দাবি জানিয়েছেন।


এর আগে ১৩ আগস্ট এক শিক্ষক সমাবেশে শিক্ষা উপদেষ্টা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ২০ শতাংশ, চিকিৎসাভাতা ১৫০০ টাকা এবং উৎসবভাতা ৭৫ শতাংশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাস্তবায়নের কোনো অগ্রগতি না থাকায় শিক্ষকরা ক্ষুব্ধ হন। ৫ অক্টোবর শিক্ষক দিবসে অর্থ মন্ত্রণালয় মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করলে ক্ষোভ আরও বেড়ে যায়।