জুলাই অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করতে পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্র করে চলেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, “পরাজিত শক্তি এখনো মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে অভ্যুত্থানের সফলতাকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। গতকাল রাতে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এসব হামলা-ষড়যন্ত্রের মাধ্যমে মানুষকে ভয় দেখানো হচ্ছে। কিন্তু জনগণ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেবে।”

তিনি আরও বলেন, “মানুষ বুলেটের সামনে দাঁড়িয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। জনগণের সেই শক্তিই আগামীর গণতান্ত্রিক ও ন্যায্য রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি গড়ে তুলবে। অভ্যুত্থানের অর্জন রক্ষায় আমাদের সংগ্রাম চলবে।”

সাকি বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যদি এই ঘটনার পেছনে পতিত আওয়ামী লীগ থাকে, তবে জনগণের সামনে তাদের সন্ত্রাসী পরিচয় তুলে ধরতে হবে।”

গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, “এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান থেকেই জুলাই অভ্যুত্থান উপলক্ষে আমাদের মাসব্যাপী কর্মসূচির সূচনা হলো। এই অভ্যুত্থানের অর্জন রক্ষা এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, জুলহাসনাইন বাবু, দীপক কুমার রায়সহ কেন্দ্রীয় নেতারা।