পারিবারিক বিরোধের জেরে দায়ের করা মামলায় জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল (মঙ্গলবার) ঢাকার মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। বিষয়টি আজ বুধবার গণমাধ্যমে জানা যায়।

\r\n

মামলাটি দায়ের করেন শাওনের ‘দ্বিতীয় মা’ নিশি ইসলাম। মামলার এজাহারে অভিনেত্রী শাওনসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদও।

\r\n

মামলার তদন্তে বাড্ডা থানার দুই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে স্বীকারোক্তি দেন, যে তারা তৎকালীন ওসির নির্দেশে বাদী নিশি ইসলামকে আটক ও নির্যাতনে অংশ নিয়েছিলেন। অন্য আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

\r\n

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাদী নিশি ইসলাম বলেন, “আমরা চাই আইন অনুযায়ী বিচার হোক। শাওন এই মামলায় বারবার প্রভাব খাটানোর চেষ্টা করেছে। আমাদের শারীরিকভাবে লাঞ্ছিতও করেছে।”

\r\n

মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের শুরুতে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বিয়ের জন্য একটি ম্যারেজ মিডিয়ায় বিজ্ঞাপন দেন। সেখান থেকে পরিচয়ের সূত্রে নিশি ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিষয়টি জানতে পেরে শাওন বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

\r\n

এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, শাওন ও তার ভাই-বোনেরা তাদের প্রভাব খাটিয়ে নিশি ইসলামকে ছয় মাসের জন্য জেলেও পাঠান।