গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ বিটিসিএল টিএন্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মহিবুল্লাহ (৬০) মিয়াজীকে পঞ্চগড় থেকে শিকল দিয়ে হাত পা-বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে জাতীয় পরিষেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।
বৃহস্পতিবার ভোরে পঞ্চগড়ের হেলিপ্যাড বাজার এলাকা থেকে তাঁকে উদ্ধারের পর পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির পথে। তবে কথা বলতে পারলেও বিছানা থেকে উঠতে পারছেন না তিনি।
টঙ্গীর স্থানীয় মুসল্লিরা জানায়, মাওলানা মহিবুল্লাহ চলমান সামাজিক অবক্ষয়, পারিবারিক মূল্যবোধ ও উগ্রপন্থী সংগঠনের কার্যক্রম নিয়ে জুমার খুতবায় বয়ান করার পর থেকে ১২ বার চিঠি দিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়। পরবর্তীতে গত ২১ অক্টোবর পুনরায় তাঁকে হুমকি দেওয়া হয়। এরপর ২২ অক্টোবর (বুধবার) তিনি নিখোঁজ হন।
নিখোঁজের ঘটনায় মাওলানা মো. মহিবুল্লাহর ছেলে মো. মোহামুদুল্লাহ বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে, হাসপাতালের বিছানায় মাওলানা মহিবুল্লাহ সাংবাদিকদের জানান, গতকাল বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে করে পাঁচজন এসে তাঁর মুখে কাপড় চেপে তুলে নিয়ে যায়। তারপরে তাঁকে অমানবিক নির্যাতন করে তারা। তাদের মুসলমান বা হিন্দু মনে হয়নি। তাদের বাংলাদেশিও মনে হয়নি। অপহরণকারীরা প্রমিত বাংলায় গালাগাল করছিলে।
মাওলানা মহিবুল্লাহর ভাষ্য, তাঁকে ইসকনের চিন্ময় চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের বিষয়ে কথা বলতে বলা হয়েছিল। কয়েক মাস ধরেই চিঠির মাধ্যমে তাঁকে ইসকনের বিরুদ্ধে কথা না বলতে হুমকি–ধামকি দেওয়া হচ্ছিল। এমনকি ইসকনের পক্ষে কথা বললে তাকে এক কোটি টাকা দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়। সর্বশেষ ২১ তারিখের একটি চিঠিতে এনসিপি, বিএনপির বিরুদ্ধে কথা বলতে বলা হয়। তাদের কথা না শুনলে হত্যারও হুমকি দেওয়া হয়।
মহিবুল্লাহর দাবি, চিঠিতে বাংলাদেশকে বাংলাদেশ না বলে পূর্ব বঙ্গ বলতে বলা হয় এবং বারবার অখণ্ড ভারতের পক্ষে কথা বলার জন্য বলা হয়েছে। তিনি ন্যায়বিচার ও নিরাপত্তা দাবি করেছেন।
অন্যদিকে, মাওলানা মহিবুল্লাহ উদ্ধারের খবর পেয়ে পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আলেম–ওলামারা তাঁকে দেখতে হাসপাতালে ভিড় করেন। ঘটনার প্রতিবাদে আজ দুপুরে পঞ্চগড় শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা।
মাওলানা মহিবুল্লাহকে ঠাকুরগাঁও থেকে দেখতে আসা ইসমাইল নামে একজন মুসুল্লি বলেন, ‘তাঁকে ইসকন সরাসরি অ্যাটাক (আক্রমণ) করেছে। এর আগে তাঁকে চিঠি দিয়েছে, তিনি যেন ইসকনের বিরুদ্ধে কোনো কথা না বলেন। এতেই আমরা নিশ্চিত যে, ইসকনরাই তাকে এভাবে তুলে আনছেন। আমাদের দেশকে ভিন্ন দিকে নিয়ে যেতে বহুমাত্রিক কাজ করতেছে ইসকন।’
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, ‘মাওলানা মহিবুল্লাহর বর্তমান শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এর আগে তাঁর জটিল অপারেশন করা হয়েছিল। এছাড়া তিনি ডায়েবেটিসের রোগী। তাকে যথাযথ স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অহিদুজ্জামান বলেন, ‘মাওলানা মহিবুল্লাহকে পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা সেখান থেকে নিয়ে আসবে। পরে তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে জানার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ‘আমরা খবর পেয়ে ভোরের দিকে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। টঙ্গী থানা এবং তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে। কে বা কারা তাকে অপহরণ করেছে এটা তদন্তের বিষয়।’





