মার্চ মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেব্রুয়ারির মতো মার্চেও প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় বিক্রি হবে। এই মূল্যহার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবে এই ঘোষণা দেওয়া হয়েছে।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বাংলাদেশের জ্বালানি খাতে সরবরাহ ঝুঁকি তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। দেশের জ্বালানি চাহিদার বড় অংশ আমদানিনির্ভর, যার প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), অপরিশোধিত জ্বালানি তেল ও এলপিজি। এসব জ্বালানি মূলত কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থেকে আমদানি করা হয়।
বিশেষ করে এলএনজি ও অপরিশোধিত জ্বালানির প্রধান সরবরাহ উৎস এই দেশগুলো। যদি মধ্যপ্রাচ্যের সংঘাত তীব্র হয় এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ও অর্থনৈতিক খাতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলে খাতসংশ্লিষ্টরা মনে করছেন।





