সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অন্তর্বর্তী সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কি না এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশানে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের আয়োজনে একটি সেমিনারে তিনি বলেন, “বর্তমান সরকার শেষ পর্যন্ত যাবেন, কিন্তু তাঁরা যেসব কাজ করেছেন—আগামী সরকার তা সম্পূর্ণভাবে বৈধতা দেবে কি না, সেই প্রশ্ন এখনো উন্মুক্ত রয়েছে।”

ড. দেবপ্রিয় বলেন, “আমি ইতিহাসের দিকে তাকিয়ে তিন-চারটি বিষয়ের কথা তুলে ধরতে চাই, যেগুলো আমি কাছ থেকে দেখেছি। বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে মূলত দুর্বল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক বিশৃঙ্খলা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা ও স্বাধীন নির্বাচন কমিশনের অনুপস্থিতির কারণে।”

তিনি আরও বলেন, “যখন কোনো রাজনৈতিক নেতৃত্ব সাংবিধানিকভাবে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বাধাগ্রস্ত করে, তখন রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে। এই ভেঙে পড়া থেকেই জরুরি অবস্থার প্রয়োজনীয়তা তৈরি হয়।”

উল্লেখ করে তিনি বলেন, “আমরা প্রথমবার এই ভঙ্গুর রাষ্ট্রীয় পরিস্থিতি দেখেছি এরশাদ সরকারের শেষ সময়ে, যার ফলাফল ছিল ১৯৯০ সালের গণঅভ্যুত্থান।”

আলোচনায় অংশ নিয়ে ড. দেবপ্রিয় ভবিষ্যৎ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা এবং কাঠামোগত সংস্কারের ওপর জোর দেন।