বাংলাদেশের চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রমে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে ‘পর্যাপ্ত সময়’ দেয়ার পক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা মনে করে, এই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করাই এখন সবচেয়ে জরুরি এবং এটি আগামীর বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

\r\n

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিকাব আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, “রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই সংস্কার এখন একটি বড় সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে হবে।”

\r\n

ইইউ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন কবে হবে, সে সিদ্ধান্ত বাংলাদেশের। তবে তিনি বলেন, “তার আগে চলমান সংস্কার প্রক্রিয়া শেষ হওয়া উচিত, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সংস্কারে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।”

\r\n

অবাধ নির্বাচনে আগ্রহ, চাপ নয়

\r\n

নির্বাচন প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, “বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ইইউ সমর্থন করে। তবে নির্বাচন নিয়ে বাংলাদেশ সরকারের ওপর আমাদের কোনো চাপ নেই। আমরা সহযোগিতা দিতে প্রস্তুত।”

\r\n

মানবিক করিডর ও অর্থ পাচার প্রসঙ্গ

\r\n

রাখাইন রাজ্যে মানবিক করিডর খোলার উদ্যোগকে ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বলেন, “উভয় পক্ষের ভুক্তভোগীদের মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে যাতে সবাই সমানভাবে ত্রাণ পায়।”

\r\n

ইউরোপে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, “এ বিষয়ে যথাযথ তথ্য-উপাত্ত নিয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হতে ৩-৪ বছর সময় লাগতে পারে।”

\r\n

রাজনৈতিক দলগুলোর সংলাপে আগ্রহ

\r\n

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের ব্রাসেলস সফর নিয়ে জানতে চাইলে তিনি জানান, “দলটির আগ্রহেই তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি, এনসিপি বা অন্য যেকোনো দলের ক্ষেত্রেও ইউরোপীয় ইউনিয়নের দরজা খোলা। আমরা দলগুলোর বক্তব্য শুনতে আগ্রহী।”

\r\n

নারী অধিকার ইস্যু

\r\n

নারী সংস্কার কমিশন নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে মাইকেল মিলার বলেন, “এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে আমরা নারী-পুরুষের সমান অধিকারে বিশ্বাসী এবং বিশ্বব্যাপী তা প্রচার করি। বাংলাদেশের নারীদের অগ্রগতি দেখতে চাই আমরা।”

\r\n

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।