স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকে নির্বাচনে অংশ নেবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা আসিফ বলেন, “আমি নির্বাচনে অংশ নেব, সে ঘোষণা ইতোমধ্যেই দিয়েছি। আমাদের দুই ছাত্র উপদেষ্টার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত আরও অনেকে নির্বাচনে অংশ নেবেন।”

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনে অংশগ্রহণের আগে পদত্যাগ করব। এরপরই নির্বাচনে অংশ নেব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।”

তবে নির্বাচনের অন্যান্য সরকারি প্রক্রিয়া ও সিদ্ধান্ত সম্পর্কে তিনি জানান, তা সরকারের উচ্চপর্যায়ের আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। রাজনৈতিক দল বা কেন্দ্র থেকে নির্বাচনে অংশগ্রহণ সংক্রান্ত প্রশ্নের জবাবে আসিফ বলেন, “রাজনৈতিক বিষয়ে মন্তব্য না করাই ভালো।”

উপদেষ্টা আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের বিরুদ্ধে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ এলে তা তদন্ত করা হবে। প্রমাণ পেলে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে।