জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য আদর্শ ও নিরাপদ নগরী গড়ে তোলার অঙ্গীকার করেছেন।
এক সংলাপ অনুষ্ঠানে তিনি বলেন, দিনের বেলায় কোথাও গেলে নানা ধরনের চাপের মুখে পড়তে হয়। এক জায়গায় যুবদল, আরেক জায়গায় ছাত্রদলের পরিচয়ধারীরা এসে দাবি তোলে। তারা নিজেদের কোনো দলের সঙ্গে যুক্ত নয় বলে জানালেও পরে খোঁজ নিয়ে দেখা যায়, কেউ যুবদলের সেক্রেটারি, কেউ ছাত্রদলের আহ্বায়ক। এরপর আর তাদের খুঁজে পাওয়া যায় না।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ঢাকা-৮ আসনকে শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও পূর্ণাঙ্গ নগরীতে রূপান্তর করাই তাঁর মূল লক্ষ্য। তাঁর পরিকল্পনায় শিক্ষার্থীদের নিরাপদ আবাসন, পুষ্টিকর খাবার এবং শান্তিপূর্ণ জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করা হবে। পাশাপাশি স্কুল-কলেজে ভর্তি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি বলেন, পিজি ও বারডেম হাসপাতালের রোগী ও স্বজনদের জন্য মানসম্মত খাবারের হোটেল এবং থাকার সুব্যবস্থা করা হবে। রমনা ও শাহজাহানপুর এলাকার পানি, বিদ্যুৎ, সড়ক ও মাদক সমস্যার স্থায়ী সমাধানেও কাজ করার অঙ্গীকার করেন তিনি। সরকারি দখলে থাকা জমি উদ্ধার করে শিশুদের জন্য খেলার মাঠ এবং বয়স্কদের জন্য ব্যায়ামের পার্ক গড়ে তোলার কথাও জানান।
এ ছাড়া কাঁচাবাজারগুলো আধুনিক ও পরিকল্পিতভাবে গড়ে তোলা, পলাশী মার্কেটের আদলে বহুতল মার্কেট নির্মাণ, নারী নিরাপত্তা নিশ্চিত করা, যানজট কমানো এবং পরিবেশদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, অনেকে অভিযোগ করেন তিনি শুধু একজন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেই কথা বলেন। কিন্তু তিনি কী করতে চান, কী ধরনের নগরী গড়তে চান সেটাই আজ তুলে ধরেছেন। তাঁর প্রশ্ন, এসব প্রতিশ্রুতি কি ভালো ও আশাব্যঞ্জক নয়, নাকি মানুষ দেখেও না দেখার ভান করছে।





