মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৮ সালের নির্বাচনে তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। তবে তিনি উল্লেখ করেছেন, অনেক মানুষ চান তিনি আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হোক। রবিবার সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

\r\n


সঞ্চালক নোরা ও’ডনেল যখন তাকে জিজ্ঞেস করেন, তিনি কি তৃতীয় মেয়াদে প্রার্থী হতে চান, ট্রাম্প বলেন, “আমি এ বিষয়ে একদমই ভাবি না। তবে এটিও সত্য যে, অনেক মানুষ চায় আমি আবার প্রার্থী হই।”


তিনি নির্বাচনী দলের সম্ভাব্য সহপ্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নামের প্রসঙ্গ উঠলে বলেন, “আমি দুজনকেই পছন্দ করি। আমাদের দলের মধ্যে অনেক প্রতিভাবান মানুষ আছে। আমাদের একটি শক্তিশালী দল গঠিত হয়েছে। প্রয়োজন হলে দুজনকেই একসঙ্গে প্রার্থী হিসেবে নেওয়া সম্ভব। তবে এখনই আমি নির্বাচনী পরিকল্পনা নিয়ে কিছু বলছি না, এটি এখনও অনেক দূরের বিষয়।”

\r\n


মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো প্রেসিডেন্ট সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। ট্রাম্পের মন্তব্য স্পষ্ট করছে যে, সংবিধান অনুযায়ী তিনি তৃতীয় মেয়াদে প্রার্থী হতে পারবেন না। তবে সমর্থকদের মধ্যে এই সম্ভাবনা নিয়ে উত্তেজনা এবং কৌতূহল তৈরি হয়েছে।