বাংলা সাহিত্যের অন্যতম কবি ফররুখ আহমদের অপ্রকাশিত ও অগ্রন্থিত লেখাকে নিয়ে সম্পাদিত গ্রন্থ ‘অগ্রন্থিত ফররুখ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রোববার (১২ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হবে। তাওহীদুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত বইটি প্রকাশ করছে গানের খেয়া প্রকাশন। অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র।

আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শাহ আবদুল হালিম, আবুল কাসেম হায়দার, জাকির আবু জাফর, ওমর বিশ্বাস, মাহবুব মুকুল, ফজলুল হক তুহিন, মোহাম্মদ জসিম উদ্দিন এবং আবিদ আজম।

রিদওয়ানুর রহমান মিয়াজী-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করবেন যে, ‘অগ্রন্থিত ফররুখ’ গ্রন্থটি ফররুখ-চর্চায় নতুন দিগন্ত উন্মোচন করবে। অনুষ্ঠানে কবি ফররুখ আহমদের লেখা গান পরিবেশন ও কবিতা আবৃত্তির আয়োজনও থাকবে।