ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছে ইরান। দেশটি আগামী দুই মাসের মধ্যে উৎপাদন ও বিতরণ সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশে ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
ইরানের উপ-তেলমন্ত্রী মোহাম্মদ সাদেঘ আজিমিফার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শোধনাগার, তেল সঞ্চালন লাইন, ডিপো ও বিমান রিফুয়েলিং কেন্দ্র একাধিকবার হামলার শিকার হয়েছে, যার ফলে জ্বালানি অবকাঠামোতে ব্যাপক ক্ষতি হয়েছে।
আজিমিফার জানান, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ টিম কাজ শুরু করেছে। ধ্বংসাবশেষ অপসারণ, যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং মেরামতের কাজ দ্রুতগতিতে চলছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পারস্য উপসাগরের লাভান দ্বীপের শোধনাগারকে।
তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে আগামী ১০ দিনের মধ্যেই লাভান শোধনাগারের একটি অংশ পুনরায় চালু করা সম্ভব হবে।
বিশ্লেষকদের মতে, জ্বালানি খাতে এই হামলা ইরানের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করেছে। তবে দুই মাসের মধ্যে বড় অংশে উৎপাদন পুনরুদ্ধারের এই পরিকল্পনা দেশটির জ্বালানি নিরাপত্তা ফেরানোর প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে।





