মাগুরা প্রতিনিধি:
মাগুরার আলোকদিয়া পুখুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ঢাকাস্থ প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খানের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা কমিটির আহ্বায়ক মোঃ হাসানুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, সম্মাননা স্মারক প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে। একটি দেশের সাংস্কৃতিক মান দেখলেই সেই দেশের উন্নয়নের স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায়।” তিনি আরও বলেন, দেশে সুস্থ ও পরিশীলিত সংস্কৃতি গড়ে তুলতে অপসংস্কৃতি দূর করে ইতিবাচক সাংস্কৃতিক চর্চা বাড়াতে হবে।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন পর দেশে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে এবং দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান বলেন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত দেশ গঠনে সুস্থ সংস্কৃতির কোনো বিকল্প নেই। তিনি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ এবং পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

এর আগে সংস্কৃতি মন্ত্রী মহম্মদপুরে আমিনুর রহমান কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং বিনোদপুর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।