লেবাননের সঙ্গে দ্রুত শান্তি আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, লেবাননের পক্ষ থেকে বারবার সরাসরি আলোচনার অনুরোধ আসার প্রেক্ষিতে মন্ত্রিসভাকে দ্রুত আলোচনায় বসার নির্দেশ দেওয়া হয়েছে। এই আলোচনার প্রধান লক্ষ্য হবে হিজবুল্লাহ-কে নিরস্ত্রীকরণ এবং ইসরায়েল ও লেবানন-এর মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা।
তবে নেতানিয়াহুর এ বক্তব্যের পরপরই লেবানন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, বর্তমান সংকট সমাধানের প্রথম ধাপ হচ্ছে যুদ্ধবিরতি। এরপরই দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু হওয়া উচিত। তিনি জানান, এ লক্ষ্য সামনে রেখে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক মহল থেকেও ইতিবাচক সাড়া মিলছে।
গত ২ মার্চ ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা শুরু করলে উত্তেজনা নতুন করে বাড়ে। জবাবে ইসরায়েলও তাদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালায়। লেবাননের তথ্যমতে, এসব হামলায় এখন পর্যন্ত প্রায় ১,৭০০ মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
অন্যদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, সংঘাতে অন্তত ৪০০ হিজবুল্লাহ যোদ্ধাও নিহত হয়েছেন। পাল্টা হামলায় গোষ্ঠীটি ইসরায়েলের দিকে শত শত রকেট ও ড্রোন ছুড়েছে।
সূত্র: রয়টার্স





