মাগুরা জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখের বেশি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।


বুধবার দুপুরে মাগুরা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. শামীম কবির। উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. সুরভি আক্তার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় সাংবাদিকরা।


সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। জেলার চারটি উপজেলায় মোট ৯৬০টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ২৯ হাজার ৯৭৬ জন, মহম্মদপুরে ২৩ হাজার ৭৭৮ জন, শালিখায় ১৬ হাজার ৩৮৬ জন এবং শ্রীপুরে ১৬ হাজার ৯৯৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।


জেলা স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।