মাগুরা প্রতিনিধি: হৃদরোগ, স্ট্রোকসহ বিভিন্ন অসংক্রামক রোগে মৃত্যুহার কমানো এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে মাগুরায় জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে মাগুরা সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের এবং মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. মেহেদী হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় প্রোগ্রাম অফিসার মোঃ আসলাম পারভেজ, সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান, ফিল্ড অফিসার মো. মোহায়মিনুল ইসলাম, লজিস্টিক অফিসার মো. রাশেদ্দুজামান এবং মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ রোগীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সরকারি ঔষধের বরাদ্দ বাড়ানো জরুরি। পাশাপাশি মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য বিভাগকে এ প্রকল্পের আওতায় আনার আহ্বান জানানো হয়।

সভায় জেলার চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এসময় জেলার বিভিন্ন পর্যায়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।