ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৬’ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সংসদে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এটি ভোটের জন্য পেশ করলে কণ্ঠভোটে বিলের পক্ষে সম্মতি দেন সংসদ সদস্যরা।
বিলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।
এর আগে একই অধিবেশনে জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা এবং দায়মুক্তি সংক্রান্ত আরেকটি বিলও সর্বসম্মতভাবে পাস হয়।
নতুন এই আইনকে জুলাই আন্দোলনের ইতিহাস ও অংশগ্রহণকারীদের রাষ্ট্রীয় স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।





