পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, দুই পক্ষ যখন আলোচনায় বসার প্রস্তুতিতে ছিল, তখন তেহরানে হামলা চালিয়ে ইসরায়েল মূলত পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টা ব্যর্থ করার চেষ্টা করেছে।
জিও নিউজ-এর প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের সিনেটে ভাষণ দেওয়ার সময় দার বলেন, “গত সোমবার রাতে একটি বিপজ্জনক ঘটনা ঘটেছে। ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসার পর্যায়ে পৌঁছানোর মুহূর্তে ইসরায়েল হামলা চালিয়েছে।” তিনি যোগ করেন, “সোমবার রাতের আগে আমরা আলোচনা নিয়ে অত্যন্ত আশাবাদী ছিলাম।”
পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের ১৫ দফার প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে এবং একইভাবে তেহরানের ৫ দফার প্রস্তাব ওয়াশিংটনের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, ইরান সোমবার জানিয়েছে, তারা সাময়িক যুদ্ধবিরতি নয়, একটি স্থায়ী সমাধানের জন্য ১০ দফার প্রস্তাব পাঠিয়েছে। দুই সপ্তাহের উচ্চপর্যায়ের আলোচনার পর পাকিস্তান মারফত যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব ইরানে পৌঁছেছে।
দার বলেন, বিষয়টি বর্তমানে “সংবেদনশীল পর্যায়ে” রয়েছে, কারণ ইরান সম্প্রতি সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালিয়েছে।





