চাঁদাবাজির সঙ্গে জড়িতদের একটি নিরপেক্ষ তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তালিকা প্রস্তুত শেষে যেকোনো সময় অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চাঁদাবাজদের একটি ‘আনবায়াসড’ তালিকা তৈরির কাজ চলছে। র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠপর্যায়ে কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

র‍্যাব কর্মকর্তা জানান, চাঁদাবাজি শুধু নির্দিষ্ট কোনো খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের অভিযোগই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক সময় ভুক্তভোগীরা ভয় বা নিরাপত্তার কারণে অভিযোগ করেন না। সে ক্ষেত্রে গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।

তালিকায় রাজনৈতিক ব্যক্তিরা থাকলে কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “তালিকা সম্পূর্ণ নিরপেক্ষভাবে করা হচ্ছে। কোনো ধরনের পক্ষপাত থাকবে না। যে অপরাধী, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।”

র‍্যাব জানায়, তালিকা প্রস্তুত শেষ হলে দ্রুতই মাঠপর্যায়ে অভিযান শুরু করা হবে, যা প্রয়োজনে তাৎক্ষণিকভাবেও শুরু হতে পারে।