গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতাল সম্প্রদায়ের অভ্যন্তরীণ দ্বন্দ্ব রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। কমিটি বিভক্তি ও নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাপ-দাদার জমি ফেরতের দাবিতে সাঁওতাল সম্প্রদায়ের একটি পক্ষ পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিল। এ সময় প্রতিপক্ষ গ্রুপ অতর্কিত হামলা চালালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহারের ঘটনাও ঘটে।

সংঘর্ষে নারীসহ অন্তত চারজন আহত হন। প্রাথমিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সংঘর্ষের কারণ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।