লালমনিরহাট সফরের পথে অসুস্থ হয়ে পড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে।


শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টা ৩০ মিনিটে সৈয়দপুর সিএমএইচ হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয়।


এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মী ও চিকিৎসকদের পরামর্শে তাকে সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।পরে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়া হয় এবং এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে স্থানান্তর করা হয়।


জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সফরসূচি অনুযায়ী মন্ত্রী সৈয়দপুরে পৌঁছানোর পর অসুস্থ হয়ে পড়েন।

জেলা নেতারা জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় পর্যন্ত মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।