ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইসরায়েলের ব্যয় প্রায় ১১.৫ বিলিয়ন ডলার (প্রায় ৩৫ বিলিয়ন শেকেল) হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানের ফলে অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এতে মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমেছে এবং সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে চূড়ান্ত ব্যয়ের হিসাব ভবিষ্যতে আরও স্পষ্ট হবে বলে জানানো হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট ব্যয়ের মধ্যে প্রায় ২২ বিলিয়ন শেকেল ব্যয় হয়েছে প্রতিরক্ষা ও সামরিক খাতে। এর আওতায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার খরচ অন্তর্ভুক্ত রয়েছে। এই অর্থ ইতোমধ্যে ২০২৬ সালের বাজেটে প্রতিরক্ষা খাতে যুক্ত করা হয়েছে।

এছাড়া ক্ষতিপূরণ বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ বিলিয়ন শেকেল। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, ব্যবসায়িক ক্ষতির ক্ষতিপূরণ এবং কর্মীদের বেতনবিহীন ছুটির প্রভাব মোকাবিলায় সহায়তা।

অন্যদিকে বেসামরিক খাতে প্রায় ১ বিলিয়ন শেকেল ব্যয় হয়েছে, যা হাসপাতাল, জরুরি সেবা এবং সমাজকল্যাণ খাতে ব্যয় করা হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেন, অর্থ মন্ত্রণালয়ের কার্যকর ব্যবস্থাপনা এই সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি দাবি করেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে অর্জিত সাফল্যের অংশীদার।