ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ কার্যক্রম শুরু হওয়ার পরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের দ্রুতগামী আক্রমণকারী জাহাজ বা ‘ফাস্ট অ্যাটাক শিপ’ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

সোমবার ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টায় অবরোধ কার্যকর হওয়ার পর ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ বার্তা দেন।

পোস্টে তিনি দাবি করেন, ইরানের নৌ সক্ষমতা ইতোমধ্যে ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, অবরোধের আওতাধীন এলাকায় ইরানি জাহাজ প্রবেশের চেষ্টা করলে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্প আরও বলেন, সমুদ্রপথে মাদক চোরাচালান দমনে যেভাবে অভিযান পরিচালনা করা হয়, একই ধরনের কৌশল প্রয়োগ করা হবে এই ক্ষেত্রেও।

এর আগে তিনি মন্তব্য করেন, ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক—এ নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই।

প্রসঙ্গত, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এক দশকের বেশি সময় পর অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠক ব্যর্থ হওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসলামাবাদের আলোচনায় দুই দেশ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছিল।

বিশ্লেষকদের মতে, আলোচনার ব্যর্থতা এবং নতুন করে নৌ-অবরোধ আরোপ মধ্যপ্রাচ্যে সংঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।